Breaking News

হাট বসেছে স্কুলের মাঠে, লাটে উঠেছে পড়াশোনা

হাট বসেছে স্কুলের মাঠে, লাটে উঠেছে পড়াশোনা

কোচবিহারঃ বিদ্যালয়, যেখানে ছাত্র-ছাত্রীর ভবিষ্যত গড়ে তোলাই প্রধান লক্ষ্য। সেখানে কোচবিহারের মাথাভাঙ্গা বিদ্যালয়ের চিত্রটা পুরোপুরি অন্যরকম। স্কুলের বারান্দা জুড়ে সাজানো রয়েছে সবজির বস্তা। কোথাও আবার ধানের বস্তা। দিব্যি দর কষাকষি করে চলছে কেনাবেচা। ব্যবসায়ীরা এমনই পসরা জমিয়েছেন সেখানে যে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা কখনও স্কুলে ঢুকতে পারে, আবার কখনও সে উপায়ও থাকে না। তাই স্বাভাবিকভাবেই মাথায় উঠেছে পড়াশোনা। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের ঘোকসা ডাঙ্গার উনিশবিষা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই হাট বসে। ব্যবসায়ীদের সাজানো পসরা প্রায় স্কুলের বারান্দা অবধিও পৌছায়। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। তবে আজও সেই সমস্যার কোন সুরাহা হয়নি। যার জেরেই বৃহস্পতিবার করে প্রায়দিনই ক্লাস বন্ধ থাকে এই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছন প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এই বিদ্যালয়ে পঠন-পাঠন চলে। এখন বিদ্যালয়ের মাঠে প্রতি রবি ও বৃহস্পতিবার করে হাট বসায় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের সমস্যায় পড়তে হচ্ছে। তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে এস আই , বিডিও -র সঙ্গে একাধিকবার কথা বললেও কোন সমাধান পাওয়া যায়নি। এই প্রসঙ্গে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যানী পোদ্দারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ধরনের কোন ঘটনার কথা আমাদের এসআই আমাকে জানাননি। আমি নিজে গিয়ে পরিস্থিতি দেখে যথাযথ ব্যবস্থা নেব।”

No comments